জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে Research and Integrated Thoughts Ltd (RIT) এর সহযোগিতায় গবেষণা বিষয়ক “Understanding a Research Paper: Fundamentals of Academic Research” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল( রবিবার) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং গবেষণার মৌলিক ধারণা ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
সেমিনারটি পাঁচটি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে "গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ: কাঠামো, উপাদান ও একাডেমিক যুক্তি" বিষয়ে আলোচনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান।
দ্বিতীয় সেশনে "গবেষণা সমস্যা, উদ্দেশ্য ও গবেষণা প্রশ্ন প্রণয়ন" বিষয়ে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহামম্মদ মাহমুদুল হাসান খান। তৃতীয় সেশনে "গবেষণা নকশা, পদ্ধতি নির্বাচন ও তথ্য সংগ্রহের কৌশল" বিষয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর সহকারী অধ্যাপক ড. মাহমুদুন নাবি।
চতুর্থ সেশনে গবেষণায় তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যার মৌলিক ধারণা" বিষয়ে উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আখের আলী।
সমাপনী পঞ্চম সেশনে "একাডেমিক লেখালেখি, রেফারেন্সিং মানদণ্ড ও গবেষণা উপস্থাপন" বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. রশিদুল আলম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, "গবেষণা কেবল উচ্চশিক্ষার একটি আনুষঙ্গিক বিষয় নয়, বরং জ্ঞান উৎপাদন ও সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম। তিনি বলেন, "শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ তৈরি করতে পারলেই একটি সৃজনশীল ও বিশ্লেষণী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।"
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরআইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন। তিনি বলেন, "গবেষণার মৌলিক ধারণা ও পদ্ধতিগত দক্ষতা অর্জন ছাড়া সমসাময়িক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।"
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি বলেন, "শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার জন্য এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করায় আমরা বদ্ধপরিকর।"
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এবং নিবন্ধিত অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের গবেষণাভিত্তিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

