কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
দুজনই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক। এর ফলে দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ তিনটি পদে নিজস্ব তিন শিক্ষক দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত–২০১৩) অনুযায়ী উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-যেটি আগে ঘটবে-সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ট্যুরিজম মার্কেটিং বিষয়ে পিএইচডি করেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর ৩০টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে তিনি সিন্ডিকেট সদস্য, বিভাগীয় প্রধান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য এবং ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির আহ্বায়ক ও উচ্চশিক্ষা সেলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর চীনের শিয়ামেন ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়ে তাঁর উচ্চতর পেশাগত যোগ্যতাও রয়েছে।
২০১১ সালে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর ৪১টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এর আগে তিনি বিভাগের বিভাগীয় প্রধান, ডিন, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির সদস্য, এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের পরিচালক, ওবিই কারিকুলাম কমিটির চেয়ারম্যান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিয়োগের প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই নবনিযুক্ত দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতির আলোকে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। আর্থিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি, উপাচার্য ও কোষাধ্যক্ষ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিকে বাস্তবায়নে নবনিযুক্ত দুই প্রশাসকের সহযোগিতা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক বেলাল উদ্দিন আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দেবেন এবং উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁদের সফল দায়িত্ব পালনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

