রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শতাধিক গাছ কর্তনের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে হাতে ব্যানার নিয়ে একাই অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
এসময় সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, একসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল প্রায় মরুভূমির মতো। পরে হাজার হাজার বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্যে বড় পরিবর্তন আসে। কিন্তু একটি অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে গত কয়েকদিনে শতাধিক গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো যুক্তিতেই গাছ কাটা গ্রহণযোগ্য নয়। শোনা যাচ্ছে, ওই সিন্ডিকেট আরও শতাধিক গাছ কাটার পরিকল্পনা করছে। ঈদের জামাত আদায়ের কথা বলে গাছ কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তার মতে, ক্যাম্পাসে অনেক খোলা জায়গা থাকা সত্ত্বেও গাছ কাটার প্রয়োজন নেই। ধর্মকে ব্যবহার করে গাছের ব্যবসা চলছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। একই সঙ্গে গাছ কাটার মতো ন্যাক্কারজনক কাজ বন্ধ এবং এতে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, বেরোবিতে ঈদের ছুটির সময়ে বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। বুধবার (১১ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়।
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তারা।
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের প্রতিবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে পরিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন মহলও ক্ষোভ প্রকাশ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাকি গাছ কাটার কার্যক্রম আপাতত স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

