ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাবের আয়োজনে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি ) দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুজাম্মিল হক মোল্লা, সিনিয়র শিক্ষক (বিজ্ঞান) ড. মশিউর রহমান এবং সিনিয়র শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা, সহ-সভাপতি মুবাশশির আমিন, সাধারণ সম্পাদক সারোয়ার সাকিবসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মুবাশশির আমিন।
অনুষ্ঠানের শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা শিক্ষার্থীদের সামনে Chemical Chameleon Reaction প্রদর্শন করেন। জারণ–বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে একই দ্রবণে রঙ পরিবর্তনের এই এক্সপেরিমেন্ট শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। পরবর্তীতে ক্লাব সদস্য মোঃ জিহাদ রোবোটিকস বিষয়ক একটি সেমিনার উপস্থাপন করেন। এ সময় তিনি একটি প্রজেক্টের মাধ্যমে দেখান, কীভাবে বাসাবাড়িতে গ্যাস লিকেজ বা আগুনের উপস্থিতি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সেন্সরের মাধ্যমে সতর্ক সংকেত প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুজাম্মিল হক মোল্লা বলেন, “বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিকে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।”
ইবি সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা জানান, এই আয়োজনের মাধ্যমে আমরা ‘Science Show with Seminar’ কার্যক্রমের সূচনা করলাম। ভবিষ্যতে কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্কুল ও কলেজে এ ধরনের আয়োজন করা হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্বে একটি মৌখিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

