রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাবির সিনেট ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলেন, অফিস চলাকালীন এবং বাড়ি ফেরার পথে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হয়রানি ও মানসিক নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে।
মব সৃষ্টি করে কর্মকর্তাদের শারীরিকভাবে আঘাত এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কর্মস্থলকে অনিরাপদ করে তোলা হচ্ছে। এর ফলে শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও ভাবমূতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আল-আমিন বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল মানিক এবং সদস্য রোকসানা বেগম টুকটুকি। বক্তারা প্রশাসনের প্রতি তীব্র আহ্বান জানান, দোষীদের বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৩ জানুয়ারি জরুরি সভায় এই পরিস্থিতির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। মানববন্ধন সেই কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

