ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। প্রথম ৪৫ মিনিটে উভয় দলই একাধিক আক্রমণ গড়ে তুললেও গোলরক্ষকদের দৃঢ়তায় কোনো দলই জালের দেখা পায়নি।
ম্যাচের শুরুতেই নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
১১তম মিনিটে নরওয়ের পেনাল্টি বক্সে ফাউলের শিকার হন ব্রাজিলের ফরোয়ার্ড মাথেউস কুনহা। প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর ব্রাজিলকে স্পটকিকের সুযোগ দেন। তবে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে রুখে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড।
৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের জোরালো শটও নিল্যান্ডের দারুণ সেভে প্রতিহত হয়। অন্যদিকে প্রথমার্ধের যোগ করা সময়ে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেওয়া শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।
এদিকে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এখনো ব্রাজিলের জন্য স্বস্তিদায়ক নয়। ইতিহাসে এ পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখনো নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি।
দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে। সেই ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

