এক গোল পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরোর সমতাসূচক গোলের পর ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নাটকীয় গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সোমবার হিউস্টনে অনুষ্ঠিত নকআউট ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ব্রাজিল। তবে একের পর এক সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয় তাদের।

ম্যাচের ২৯তম মিনিটে হাইড্রেশন ব্রেকের পর দানিলোর কাছ থেকে লুজ বল কেড়ে নেন জাপানের সানো। কাসেমিরোকে গতিতে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে জাপানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি লুকাস পাকেতার বদলে এন্দ্রিককে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন। কয়েকটি ভালো সুযোগ হাতছাড়া হওয়ার পর অবশেষে ৫৬তম মিনিটে সমতায় ফেরে সেলেসাওরা। গোললাইন থেকে প্রথম প্রচেষ্টা রুখে দিলেও ফিরতি বলে কাসেমিরো জালে বল পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন।

সমতায় ফেরার পরও একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত একক প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। জাপানের গোলরক্ষক সুজুকিও একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ায়, তখনও দুই দলের সমতা অটুট ছিল। তবে ইনজুরি টাইমের ৯৬তম মিনিটে আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুর্দান্ত ফিনিশিংয়ে জাপানের জালে বল জড়িয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে ব্রাজিল। দারুণ এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নকআউটের বাধা পেরিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

