বিশ্বকাপের নকআউট পর্বে আজ (সোমবার) মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় এশিয়ার শক্তিশালী দল জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।
ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তন আসছে না। শেষ মুহূর্তের অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একই সমন্বয়ের ওপরই আস্থা রাখছেন তিনি।
তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো, ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার জুনিয়রকে এবার আগের ম্যাচের তুলনায় বেশি সময় মাঠে দেখা যেতে পারে। আনচেলত্তি বলেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগের ম্যাচে তিনি মাত্র ১৫ মিনিট খেলতে পেরেছিলেন, তবে এবার আরও বেশি সময় খেলার মতো প্রস্তুত রয়েছেন।
গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে লেফট উইংয়ে সুযোগ পাওয়া রায়ান নিজের পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ইনজুরিতে থাকা রাফিনিয়ার অনুপস্থিতিতে তাকেই আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।
দুই দলের পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১৪টি মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১১টিতে, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একটি।
তবে অতীতের পরিসংখ্যান নিয়ে নিশ্চিন্ত হওয়ার সুযোগ দেখছেন না আনচেলত্তি। কারণ, সবশেষ ২০২৫ সালের অক্টোবরে প্রস্তুতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। সেটিই ব্রাজিলের বিপক্ষে জাপানের একমাত্র জয় এবং সেলেসাওদের জালে ব্লু সামুরাইদের সর্বোচ্চ গোলের ম্যাচ। তাই নকআউটের এই লড়াইয়ে শক্তিশালী হলেও সতর্ক থাকতেই হবে ব্রাজিলকে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

