নাটকীয় এক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে অধিনায়ক স্টিফেন ইউস্তাকিওর একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা।
রোববার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কানাডা। তবে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
প্রথমার্ধে মোইস বোম্বিতোর শক্তিশালী হেড গোললাইন থেকে ক্লিয়ার করে নিশ্চিত গোল বাঁচান অব্রে মোডিবা। পরে বক্সের ভেতরে রিচি লারেয়ার ওপর ফাউলের অভিযোগ তুলে পেনাল্টির দাবি জানালেও তা নাকচ করে দেন ম্যাচের রেফারি। ফলে বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় কানাডা, আর পাল্টা আক্রমণের সুযোগ খুঁজতে থাকে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা না মেলায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল।
তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের হেড ক্লিয়ারেন্স বক্সের বাইরে থাকা স্টিফেন ইউস্তাকিওর কাছে পৌঁছালে তিনি হাফ-ভলিতে দুর্দান্ত শটে বল জড়িয়ে দেন জালে। গোলরক্ষক উইলিয়ামস এবার আর দলকে রক্ষা করতে পারেননি।
ইউস্তাকিওর সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ১-০ গোলের জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে কানাডা।
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা সেবার কোনো ম্যাচ জিততে পারেনি। চার দশক পর ঘরের মাঠে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে প্রথমবার নকআউট পর্ব পেরিয়ে শেষ ষোলোতে উঠে নতুন ইতিহাস লিখল উত্তর আমেরিকার দেশটি।
শেষ ষোলোতে কানাডার প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

