লিওনেল মেসি মাঠে নামলেই যেন নতুন কোনো ইতিহাসের জন্ম হয়। চলমান বিশ্বকাপেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এবার জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।
রোববার (২৮ জুন) অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর কিছুক্ষণ পরই দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলের জয়ে নিজের নামও যোগ করেন স্কোরশিটে।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি। এর আগে এই কীর্তিতে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহো (১৯৭০), যারা টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করেছিলেন।
চলমান আসরে এটি মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে পাওয়া গোলটি তার এবারের বিশ্বকাপ গোলসংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগেই শীর্ষস্থান দখল করা মেসি এবার যোগ করলেন আরও একটি অনন্য বিশ্বরেকর্ড, যা ফুটবল ইতিহাসে তার অসাধারণ ধারাবাহিকতার আরেকটি উজ্জ্বল নজির।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

