অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।
ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়া নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস প্রথম ম্যাচের একাদশে জায়গা পাননি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। এর মাধ্যমে বাংলাদেশের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হলো তার।
এদিকে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। নতুন মুখ ও নতুন নেতৃত্ব নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভালো শুরু করার লক্ষ্য বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধারি, জোয়েল ডেভিস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

