সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
ম্যাচের ৩৫ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন পিয়ারি জাক্সন। বক্সের ভেতরে বল পেয়ে দারুণভাবে শরীর ঘুরিয়ে পোস্টের কোণা দিয়ে নিখুঁত শটে জালে বল জড়ান তিনি। ভারতের জার্সিতে এটি তাঁর ২০তম গোল।
এর আগে ২৬ মিনিটে কর্নার থেকে গোলের ভালো সুযোগ পেয়েছিল ভারত নারী ফুটবল দল। ডি-বক্সের ভেতরে ভেসে আসা ক্রসে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় হেড করেছিলেন পিয়ারি, তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ।
ম্যাচের ১২ মিনিটে প্রথম কর্নার আদায় করে ভারত। তবে বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে কোনো বিপদ ঘটতে দেয়নি।
অন্যদিকে, মালদ্বীপের বিপক্ষে সাফে আগের তিনটি ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছিল বাংলাদেশ। তবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র।
ম্যাচের ১১ সেকেন্ডে গোল করে বড় ব্যবধানের জয়ের সুবাস যখন মিলছিল, সেখান থেকেই খেই হারিয়ে ফেলল মারিয়া মান্দারা। রক্ষণের ভুল আর অসাবধানতার সুযোগ নিয়ে দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে মালদ্বীপ।
তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটেনি, বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত থাকল। ৪-২ ব্যবধানের বিশাল এই জয়ে হ্যাটট্রিক শিরোপা মিশনে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে পিটার বাটলারের শিষ্যদের।
দক্ষিণ এশিয়ান ফুটবলের আগের দুই আসরেও শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আর টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্বেই বাদ পড়েছে মালদ্বীপ।
ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। প্রথমবারের মতো একাদশের বাইরে রাখা হয়েছে ডিফেন্ডার আফঈদা খন্দকারকে। তাঁর পরিবর্তে রক্ষণভাগে সুযোগ পেয়েছেন সুরমা জান্নাত।
এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার মনিকা চাকমা। আগের ম্যাচ মিস করলেও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে তিনি একাদশে জায়গা করে নিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

