ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের মেক্সিকো যাত্রা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে।
রোববার (৩১ মে) দলের মেক্সিকোর পাচুকায় যাওয়ার কথা ছিল। সেখানে চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পে অংশ নেওয়ার জন্য একটি চার্টার্ড ফ্লাইট নির্ধারিত ছিল। তবে কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় শেষ মুহূর্তে সফর বাতিল করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা সমস্যার কারণে নির্ধারিত ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসিও (SABC) বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনায় হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস। তিনি বলেন, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে এমন প্রশাসনিক জটিলতা দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর বলে মন্তব্য করেছেন। তিনি জানান, কী কারণে এই জটিলতা তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে এ ধরনের সমস্যার কারণে শুধু অনুশীলন সূচিই ব্যাহত হয় না, খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতেও প্রভাব পড়ে।
উল্লেখ্য, আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। ফলে দ্রুত ভিসা জটিলতা সমাধান করে দলকে প্রস্তুতি ক্যাম্পে পাঠানো এখন দক্ষিণ আফ্রিকা ফুটবল কর্তৃপক্ষের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

