দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ-ভারত দ্বৈরথ এখন অন্যতম আকর্ষণীয় লড়াই। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে। সেই ধারাবাহিকতায় আজ আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
রোববার (৩১ মে) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল।
টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছে। যদিও প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারালেও দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে। দুই গোলে এগিয়ে থেকেও রক্ষণভাগের ভুলে দুই গোল হজম করতে হয়েছিল বাংলাদেশকে। পরে অবশ্য শেষ দিকে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে পিটার বাটলারের শিষ্যরা।
ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণভাগের ভুলের পুনরাবৃত্তি হলে কঠিন মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডাররা। তাই ম্যাচে আরও সতর্ক থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
বাংলাদেশের অভিজ্ঞ ফুটবলার শামসুন্নাহার সিনিয়র বলেন, ভারতের বিপক্ষে জয় সবসময়ই আলাদা অনুভূতি তৈরি করে। শুধু খেলোয়াড়দের জন্য নয়, দেশের ফুটবলপ্রেমীদের কাছেও এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি।
পরিসংখ্যান বলছে, ভারতের মাটিতে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। তবে সাম্প্রতিক সময়ে দৃশ্যপট বদলেছে। সর্বশেষ দুই সাক্ষাতে ভারতকে ৩-০ ও ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বাংলাদেশ।
এ ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হলো মিডফিল্ডার মনিকা চাকমার প্রত্যাবর্তন। চোটের কারণে মালদ্বীপের বিপক্ষে খেলতে না পারলেও তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং ভারতের বিপক্ষে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
মালদ্বীপকে হারিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একই গ্রুপ থেকে ভারতেরও শেষ চার নিশ্চিত হয়েছে। বর্তমানে গোল ব্যবধানে ভারত গ্রুপের শীর্ষে থাকলেও আজকের ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা বলেন, “ভারত অবশ্যই শক্তিশালী দল। আমরা জানি ম্যাচটি কঠিন হবে। তবে দল প্রস্তুত আছে এবং আমরা ভালো ফল এনে দেশবাসীকে আনন্দ দিতে চাই।”
গ্রুপ সেরার লড়াইয়ে আজকের বাংলাদেশ-ভারত ম্যাচ তাই বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

