প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলা আগামী ৪ জুন শুরু হচ্ছে। রাজধানীর মিরপুর-২ এলাকায় অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে জানানো হয়েছে, দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলসহ মোট ১৬টি দল জাতীয় পর্বে অংশ নেবে।
আদেশ অনুযায়ী, অংশগ্রহণকারী সব দলকে ৩ জুনের মধ্যে মিরপুর ক্রীড়া পল্লীর আবাসিক ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়াড় ও কর্মকর্তাদের আবাসন, আপ্যায়ন, চিকিৎসাসেবা, অনুশীলন কার্যক্রম এবং মাঠে যাতায়াতসহ বিভিন্ন বিষয় তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসব কর্মকর্তা আবাসন ও ক্রীড়া পরিচালনা-সংক্রান্ত উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে প্রতিটি দলের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
জাতীয় পর্যায়ের বালিকা বিভাগে সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলগুলো অংশ নিচ্ছে। একইভাবে বালক বিভাগেও আট বিভাগের শীর্ষ দলগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

