AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৩৮ পিএম, ২০ মে, ২০২৬

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

রোমাঞ্চে ভরা ফেডারেশন কাপের ফাইনালে দুইবার পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে দলটি। সব মিলিয়ে এটি বসুন্ধরার পঞ্চম ফেডারেশন কাপ ট্রফি।

বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন উজবেক মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বসুন্ধরাকে। পরের মিনিটেই পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ।

এরপর ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বসুন্ধরা। অন্যদিকে ২২ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় মোহামেডান। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দুর্দান্ত দক্ষতায় মোজাফফরভের শট ঠেকিয়ে দেন।

৩৫ মিনিটে সৌরভ দেওয়ানের গোলে আবারও লিড নেয় মোহামেডান। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

বিরতির পর ঘুরে দাঁড়ায় বসুন্ধরা কিংস। ৫০ মিনিটে রাকিব হোসেনের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন দরিয়েলতন। এরপর ৭৯ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার সেই গোলেই নিশ্চিত হয় বসুন্ধরার জয়।

গোলের পর ব্যতিক্রমী উদযাপনেও নজর কাড়েন দরিয়েলতন। জার্সি খুলে দৌড় দেওয়ার পর সতীর্থদের নিয়ে বিশেষ ভঙ্গিতে উল্লাস করেন তিনি।

ফেডারেশন কাপ জয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমে তৃতীয় শিরোপা জিতল বসুন্ধরা কিংস। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চ্যালেঞ্জ কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!