রাজধানীর পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম-এ ‘প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬’-এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সকল প্রকার ইনডোর ও আউটডোর গেমসকে সমান গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে বিশেষ দু-একটি খেলার ওপর অধিক গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকার সব খেলাকে সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি জানান, খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ইতোমধ্যে ২৮টি ফেডারেশনের ৩০০ জন খেলোয়াড়কে মাসিক এক লাখ টাকা হারে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। এছাড়া গত মে মাস থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ব্যাডমিন্টনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল পর্যায় থেকে দক্ষ শাটলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণকাজ শুরু হবে এবং সেখানে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম দ্রুত শীতাতপ নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে দুই বছরের মেয়াদে বিদেশি কোচ নিয়োগের বিষয়ে ফেডারেশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, “খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রেখে একটি সুস্থ জাতি গড়ে তুলতে।”
ব্যাডমিন্টন লীগের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিকটস্থ রোলার স্কেটিং গ্রাউন্ডে ‘স্বাধীনতা দিবস বয়সভিত্তিক রোলার স্কেটিং হিট-২০২৬’-এরও উদ্বোধন করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

