এশিয়ান গেমস হকি বাছাইয়ে নাটকীয় জয়ের মাধ্যমে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে হংকং চায়নাকে হারিয়ে কাঙ্ক্ষিত টিকিট নিশ্চিত করে দলটি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। পরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে লিড নেওয়ার পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান আমিরুল ইসলাম। তবে দ্রুতই এক গোল শোধ করে হংকং ম্যাচে ফিরে আসে।
দ্বিতীয় কোয়ার্টার গোলশূন্য থাকলেও তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় হংকং। পরে একইভাবে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে নেন আশরাফুল ইসলাম।
চতুর্থ কোয়ার্টারে উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে দুই গোল করে এগিয়ে যায় হংকং, তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ সমতায় ফেরায় বাংলাদেশ। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বির সফল শটে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ে বাছাইপর্বের সেরা ছয়ে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ, ফলে আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পেল দলটি।
উল্লেখ্য, বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে হারালেও শ্রীলঙ্কার কাছে হেরে যায় এবং উজবেকিস্তানের সঙ্গে ড্র করে। গ্রুপে তৃতীয় হয়ে স্থান নির্ধারণী ম্যাচে নেমেই এ গুরুত্বপূর্ণ জয় পায় দলটি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

