নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেইন উইলিয়ামসন এবার বিপিএলে মাতাতে ঢাকায় পৌঁছেছেন। তিনি রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন।
ঢাকায় আগমনের পর জানা গেছে, রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন করেছিলেন উইলিয়ামসন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-২০-তে খেলছিলেন। ওই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই তিনি বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, বুধবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন কিউই তারকা। এই প্রথম বিপিএলে খেলতে আসা উইলিয়ামসন অবশ্যই রাজশাহীকে শক্তিশালী করবে। তার স্বদেশি জিমি নিশামও এবার একই দলে রয়েছেন।
রাজশাহী ওয়ারিয়র্সের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা মুখোমুখি হবে সিলেট টাইটান্সের। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে চট্টগ্রাম রয়্যালসকে।
এর আগে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে রাজশাহী। প্রথমে ব্যাট করে ১৩৩ রানের সংগ্রহ গড়েছিল নাজমুল হোসেন শান্তের দল। তবে শেষ ওভারে ধারাবাহিক এবং রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস।
উইলিয়ামসনের উপস্থিতি এবার বিপিএলে রাজশাহী দলের শক্তি এবং খেলার তেজ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

