কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়া এলাকায় একটি বাস কাউন্টার থেকে আত্মগোপনে ঢাকা যাওয়ার পথে নুরুল আলম নুরু নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি টিম ঘোষপাড়া এলাকার হক স্পেশাল নামক বাস কাউন্টারে অভিযান চালিয়ে যুবলীগ নেতা নুরুল আলম নুরুকে গ্রেফতার করে। এরপর তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আলম নুরু কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন যুবলীগের একজন নেতা। তিনি ওই ইউনিয়নের কাচিচর গ্রামের আব্দুস সামাদ মিয়ার পুত্র। নুরু ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী পদে চাকরি করেন। অভিযোগ আছে, দলীয় প্রভাব ও চাকরির সুবিধা ব্যবহার করে তিনি বিভিন্ন বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আব্দুর রহিম নিশ্চিত করেছেন, দীর্ঘ যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের পর সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি নুরুল আলম নুরুকে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

