AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ওকসের শেষ বলের ছক্কা

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫২ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

বিপিএলের এলিমিনেটর ম্যাচে নাটকীয় জয়ের মাধ্যমে রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে সিলেট টাইটান্স। শেষ বলের প্রয়োজনীয় ছক্কা হাঁকিয়ে সিলেটকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলে নেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। ফাইনাল থেকে এখন মাত্র এক ধাপ দূরে মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মিরাজ। শুরু থেকেই রংপুরের ব্যাটিং লাইনআপে ধস নামান সিলেটের বোলাররা।

মাত্র ২৯ রানের মধ্যেই তাওহীদ হৃদয়, ডেভিড মালান, অধিনায়ক লিটন দাস ও কাইল মেয়ার্সকে হারায় রংপুর। চার ব্যাটারের সম্মিলিত রান ছিল মাত্র ১৭। এরপর খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। খুশদিল ১৯ বলে তিন ছক্কায় ৩০ রান করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। পরে রিয়াদের সঙ্গে ইনিংস গুছানোর চেষ্টা করেন নুরুল হাসান সোহান।

রিয়াদ ২৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করেন। তবে সোহান ২৪ বলে ১৮ রানে থেমে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১১ রান।

বোলিংয়ে সিলেটের হয়ে দুর্দান্ত ছিলেন খালেদ আহমেদ। তিনি ১৫ রান খরচায় একাই নেন চারটি উইকেট। ক্রিস ওকস ১৫ রানে দুটি এবং নাসুম আহমেদ ১২ রানে দুটি উইকেট তুলে নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই ধাক্কা খায় সিলেট। দলীয় ২ রানেই ফিরে যান তৌফিক খান। পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রান করে কিছুটা ভরসা দিলেও তার বিদায়ের পর আবার চাপে পড়ে দল। আরিফুল ইসলাম ১৮ বলে ১৭ এবং আফিফ হোসেন ধ্রুব ৯ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন।

এরপর অধিনায়ক মিরাজ ও স্যাম বিলিংস ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচ এগিয়ে নেন। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি কম থাকলেও ধীরে ধীরে লক্ষ্যের কাছে পৌঁছে যায় সিলেট। ২৩ বলে ১৮ রান করে মিরাজ আউট হলে আবার উত্তেজনা বাড়ে।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। ১৯তম ওভারে মুস্তাফিজুর রহমান ৪০ বলে ২৯ রান করা বিলিংসকে ফেরান। শেষ ওভারে ৯ রান দরকার ছিল। ফাহিম আশরাফের ওভারে প্রথমেই মঈন আলী আউট হলে শেষ বলে প্রয়োজন দাঁড়ায় ৬ রানে। সেখানেই বিশাল ছক্কা হাঁকিয়ে সিলেটকে রোমাঞ্চকর জয় এনে দেন ক্রিস ওকস।

এই জয়ের মাধ্যমে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে সিলেট টাইটান্স, আর হতাশার বিদায় নিশ্চিত হয় রংপুর রাইডার্সের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!