AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্থগিতাদেশ প্রত্যাহার, আজ থেকে ফের শুরু হচ্ছে বিপিএল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩১ এএম, ১৬ জানুয়ারি, ২০২৬

স্থগিতাদেশ প্রত্যাহার, আজ থেকে ফের শুরু হচ্ছে বিপিএল

স্থগিতের শঙ্কা কাটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবার মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া সংকটের পর বিসিবি, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচে অংশ নেননি ক্রিকেটাররা। পরে বিসিবির নেওয়া পদক্ষেপ ও চলমান প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে নির্দিষ্ট কিছু শর্তে মাঠে ফেরার সিদ্ধান্ত নেন তারা। কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে—এমন প্রত্যাশাও তারা জানিয়েছেন।

রাত ৮টার দিকে বিসিবির পরিচালকরা কোয়াব প্রতিনিধি ও ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আলোচনার পরই বিপিএল পুনরায় চালুর সিদ্ধান্ত আসে।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। পাশাপাশি সূচি পুনর্বিন্যাস করে শনিবারের ম্যাচগুলো আগামী ১৮ জানুয়ারি আয়োজন করা হবে।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মোহাম্মদ মিঠুন জানান, ১৫ জানুয়ারির দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো ১৮ জানুয়ারি। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই ১৬ জানুয়ারির ম্যাচ দেখা যাবে।

তবে প্লে-অফ পর্বের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ১৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!