পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে আবারও হতাশ হতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে। নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের কাছে টানা পঞ্চম ম্যাচে পরাজয়ের মুখ দেখল দলটি।
নোয়াখালীর দেওয়া ১৩৪ রানের লক্ষ্য ঢাকা ক্যাপিটালস পেরিয়ে যায় মাত্র ১৪.১ ওভারে, হাতে থাকে ৩৫ বল। সাত উইকেটের বড় ব্যবধানে জয়ের নায়ক নাসির হোসেন, যিনি ৫০ বলে অপরাজিত ৯০ রান করেন।
লক্ষ্য তাড়ায় নামা ঢাকার শুরুটা ভালো হয়নি। ইনিংসের শুরুতেই শূন্য রানে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। দলীয় ১৪ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ফিরে যান আবদুল্লাহ আল মামুন। এরপর ক্রিজে এসে পুরো ম্যাচের চিত্র বদলে দেন নাসির হোসেন। আগ্রাসী ব্যাটিংয়ে নোয়াখালীর বোলারদের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি, ফলে দ্রুতই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে দুই জয় নিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়াল চার পয়েন্টে। অন্যদিকে এখনো জয়হীন নোয়াখালী এক্সপ্রেস শূন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে নিচে অবস্থান করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

