আগামী মাসে শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ, যার যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ–ভারত সম্পর্ক ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ নতুন করে সামনে এসেছে।
এ অবস্থায় চলতি বছর ভারতের বাংলাদেশ সফরে দুটি সাদা বলের সিরিজ আয়োজনের সূচি চূড়ান্ত হলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই প্রেক্ষাপটে আগামীকাল রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে অনুষ্ঠিত বোর্ড সভায় উপস্থিত ১৭ জন পরিচালকের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবির পক্ষ থেকে আইসিসির নিরাপত্তা ইউনিটকে ই–মেইলের মাধ্যমে তিনটি মূল বিষয়ে ব্যাখ্যা ও নিশ্চয়তা চাওয়া হবে। এর মধ্যে রয়েছে— আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা, মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি এবং বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টাফদের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হবে।
বিসিবির এক শীর্ষস্থানীয় পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

