আইপিএল নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে ঘিরে শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে চেন্নাই সুপার কিংস ও কলকাতাও নিলামের লড়াইয়ে যুক্ত হয়। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি দর হাঁকিয়ে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা।
আইপিএলে এবারই প্রথম কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে এটি তার আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ দল। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।
নিলামের শুরুতেই নাম ওঠে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের, তবে কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। নিলামে প্রথম দল পাওয়া ক্রিকেটার ছিলেন ডেভিড মিলার। ২ কোটি রুপিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
নিলামের আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শুরুতে কলকাতা ও রাজস্থান আগ্রহ দেখালেও পরে চেন্নাই সুপার কিংস যুক্ত হয়। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।
অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থেকে যান। শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেঙ্কেটেশ আইয়ার ৭ কোটিতে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
উইকেটকিপারদের সেটে কুইন্টন ডি কককে ১ কোটিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বেন ডাকেট ২ কোটিতে যান দিল্লিতে, একই দামে ফিন অ্যালেনকে দলে ভেড়ায় কলকাতা। তবে রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ কোনো দল পাননি।
পেসারদের প্রথম সেটে বড় অঙ্কে দল পান মাথিশা পাথিরানা। তাকে পেতে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত ১৮ কোটি রুপিতে এই লঙ্কান পেসারকে দলে নেয় কলকাতা।
২ কোটি রুপি ভিত্তিমূল্যে জ্যাকব ডাফিকে দলে নেয় বেঙ্গালুরু। একই দামে এনরিখ নরকিয়াকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ। তবে ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজলহক ফারুকি অবিক্রিত থাকেন।
স্পিনারদের সেটে রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান দল পাননি। তবে রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। আকিল হোসেন ২ কোটিতে যোগ দেন চেন্নাই সুপার কিংসে।
অনভিষিক্ত পেসারদের সেটে বড় চমক দেখান প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারকে সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই।
ব্যাটারদের দ্বিতীয় সেটে শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ৭৫ লাখ রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তাকে পেতে কলকাতাও আগ্রহ দেখিয়েছিল। এছাড়া জেসন হোল্ডার ৭ কোটিতে যোগ দেন গুজরাট দলে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

