আইপিএলের মিনি নিলাম বসছে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে নিলামের আনুষ্ঠানিক কার্যক্রম। এবারের নিলামে মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের সাতজন ক্রিকেটার অংশ নিচ্ছেন।
এই নিলামে বিভিন্ন দেশ থেকে মোট ৩৫০ জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত রয়েছে। তবে সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর ফাঁকা জায়গা রয়েছে মাত্র ৭৭টি। এর মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ১১০ জন, কিন্তু দল পাওয়ার সুযোগ মিলবে সর্বোচ্চ ৩১ জনের।
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে পরিচিত আইপিএল কেবল ক্রিকেটীয় মান বা বিনোদনের দিক থেকেই নয়, আর্থিক শক্তির দিক থেকেও শীর্ষে। বর্তমানে আইপিএলের বাজারমূল্য প্রায় এক লাখ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ এই অবস্থানের কাছাকাছিও নেই।
গত বছর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। এবার মিনি নিলামের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ শহর আবুধাবিকে। স্থানীয় সময় অনুযায়ী দুপুরের দিকে নিলাম শুরু হবে।
বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে মোস্তাফিজুর রহমানের—২ কোটি রুপি। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে থাকছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। সর্বনিম্ন ৩০ লাখ রুপির ক্যাটাগরিতে রয়েছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। শুরুতে নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।
নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে অংশ নিচ্ছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। একাধিক ক্রিকেটার ছেড়ে দেওয়ায় তাদের পার্সে আছে সর্বোচ্চ ৬৪ কোটি রুপি, যা দিয়ে তারা সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় নিতে পারবে। চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ৪৩ কোটি রুপি, তারা নিতে পারবে ৯ জন ক্রিকেটার। সবচেয়ে কম বাজেট রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর—১৬ কোটি রুপি দিয়ে তাদের পূরণ করতে হবে ৮টি স্লট।
বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এবারও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পূর্ণ মৌসুমের অনাপত্তিপত্র (এনওসি)। রকিবুল হাসান ছাড়া বাকি ছয়জনের কারও কাছেই পুরো টুর্নামেন্ট খেলার অনুমতি নেই। বিসিবি বিভিন্ন মেয়াদের জন্য এনওসি দিয়েছে, যা নিলামে আগ্রহ কমাতে পারে।
এদিকে নিলামের আগের দিন সোমবার (১৫ ডিসেম্বর) আইপিএল কর্তৃপক্ষ খেলোয়াড় তালিকায় শেষ মুহূর্তে আরও ১৯ জন ক্রিকেটার যুক্ত করে প্লেয়ার পুল চূড়ান্ত করেছে। নতুন সংযোজনদের মধ্যে রয়েছেন ভারতের অভিমন্যু ঈশ্বরান, নিউজিল্যান্ডের বেন সিয়ার্স এবং দক্ষিণ আফ্রিকার ইথান বশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

