বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দলটির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর দিকনির্দেশনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর ঘোষণার ভিত্তিতে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে এ কর্মসূচি শুরু হয়।
এর ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল, লেক, ডোবা ও নালা পরিষ্কারের উদ্যোগ নেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
দলীয় নেতাকর্মীদের নিয়ে টানা তিন মাসের প্রচেষ্টায় প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর ভাষ্য, এ উদ্যোগের ফলে পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং পানি চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঈদ-পরবর্তী সময়েও একই কার্যক্রম অব্যাহত রাখেন মুহাম্মদ আফাজ উদ্দিন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুনরায় খাল পরিষ্কারে অংশ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন করে প্রত্যাশা সৃষ্টি হয়েছে।
উত্তরার বাসিন্দাদের মতে, পরিবেশ রক্ষায় এ ধরনের ধারাবাহিক উদ্যোগ অনুকরণীয়। সচেতনতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

