বিদেশি রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি চুক্তি করা হলেও সেগুলো নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তিনি বলেন, সংসদ না থাকায় সরকার যেভাবে জাতীয় বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, এ বিষয়ে তারা বারবার দাবি জানালেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি। ফলে এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশার সুযোগ নেই।
এর আগে বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

