ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে প্রায় ২ শতাধিক আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চিত্র স্পষ্ট হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৮৩ টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা ২০৩ টি আসনে বিজয়ী হয়েছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট পেয়েছে ৭১ টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা জয় পেয়েছেন ৮ টি আসনে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে শুরু হয় গণনা কার্যক্রম।
সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক ভোটারই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে নিজেদের মতামত প্রকাশের সুযোগ হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এই নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। সবমিলিয়ে নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকলেও বেসরকারি ফলাফলে নতুন সরকার গঠনের দিকেই অগ্রসর হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট—এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

