বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, অতীতের স্বৈরাচারী শাসনের মতোই কিছু গুপ্ত গোষ্ঠী এখন নতুন জালিমে পরিণত হয়েছে, যাদের শাসনে দেশের মা–বোনরা নিরাপদ বোধ করেন না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশ পরিচালিত হবে জনগণের রায়ের ভিত্তিতে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ এমন একটি সরকার নির্বাচন করবে, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। তবে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পরও রাজনৈতিক ভাষা ও আচরণে পরিবর্তন আসেনি। স্বৈরাচার যেভাবে মানুষকে অপমান করত, তুচ্ছ করত—একই ধারা এখনো অব্যাহত রয়েছে।
তিনি বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী নিজেদের ‘গুপ্ত’ পরিচয়ে পরিচিত করেছে। এই গোষ্ঠী এখন দেশের মানুষের কাছে নতুন ধরনের জুলুমের প্রতীক হয়ে উঠেছে। অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে তিনি বলেন, এই গোষ্ঠীর শীর্ষ নেতারা প্রকাশ্যে নারীদের উদ্দেশে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। যারা নারী সমাজকে সম্মান করতে জানে না, মা–বোনদের প্রতি শ্রদ্ধাবোধ নেই—তাদের কাছ থেকে জনগণ সম্মানজনক শাসন আশা করতে পারে না।
তারেক রহমান আরও বলেন, কুমিল্লা জেলার এক গুপ্ত নেতা প্রকাশ্যে বলেছেন, নির্বাচনের আগ পর্যন্ত তারা জনগণের পা ধরবেন, আর নির্বাচনের পর জনগণ তাদের পা ধরবে। এ ধরনের বক্তব্য জনগণের প্রতি তাচ্ছিল্য ও ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এরা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবনে কতটা দুর্বিষহ পরিস্থিতি নেমে আসতে পারে, তা সহজেই অনুমেয়।
তিনি অভিযোগ করেন, এই গোষ্ঠীটি সবসময় স্বৈরাচারী শক্তির সঙ্গে হাত মিলিয়ে চলেছে। ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ এবং গত দেড় দশক—প্রতিটি সময়েই তারা একই শক্তির দুই পিঠ হিসেবে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
বরিশালের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এ অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা নদীভাঙন। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ বহু উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে। বিএনপির আমলে অনেক প্রকল্পের সূচনা হলেও সেগুলোর অনেকটাই শেষ করা যায়নি। জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে এসব সমস্যা সমাধানে বিএনপি কাজ করতে চায় বলে তিনি জানান।
নারী সমাজকে ঘরে বন্দি রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়—এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, নারী ও পুরুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধ রাষ্ট্র গড়া সম্ভব।
তিনি বলেন, গুপ্ত গোষ্ঠীগুলোর নারী সমাজ নিয়ে বিদ্বেষপূর্ণ ও অপমানজনক বক্তব্য তাদের মানসিকতার পরিচয় দেয়। জনগণকে অবজ্ঞা করা এই শক্তিগুলো ক্ষমতায় গেলে জনজীবনে ভয়াবহ সংকট তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

