বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে কক্সবাজারের মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমি জোন হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের তুলনায় আরও উন্নত করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) মহেশখালীতে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব মন্তব্য করেন।
জামায়াত আমির পচে যাওয়া নেতৃত্বকে সমালোচনা করে বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বস্তাপচা রাজনীতির পরিবর্তন অপরিহার্য।” তিনি জোর দেন, জাতিকে বিভক্ত না করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, আগামী ১৩ তারিখ থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক দৃশ্যপট পরিবর্তিত হবে এবং নতুন বাংলাদেশের সূচনা হবে।
সভায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজি, দখলবাজি ও মামলা ব্যবসা বন্ধের প্রতিশ্রুতি দেন। শিক্ষিত বেকারদের প্রসঙ্গে তিনি বলেন, “অপমানজনক বেকার ভাতা নয়, যুবসমাজকে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।”
তিনি ক্ষমতায় এলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে লবণ শিল্পের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা মার্কার পাশে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইতে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

