সিরাজগঞ্জ ও পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ অঞ্চলের তাঁত শিল্পের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে চায়। জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে দেশের প্রকৃত সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এ এলাকায় কৃষির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুযোগ রয়েছে। কৃষিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন শিল্প পার্ক স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, “ঠাকুরগাঁও থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত কৃষিনির্ভর শিল্প গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” একই সঙ্গে তিনি জানান, এ অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের আধুনিকায়নের মাধ্যমে বিশ্ববাজারে দেশীয় তাঁতপণ্য ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বক্তব্যে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করতে কাজ করবে। এ লক্ষ্যে দেশের প্রতিটি মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তরুণদের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, বিদেশগামী তরুণদের দক্ষতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এতে দক্ষ জনশক্তি তৈরি হবে। পাশাপাশি খেলাধুলায় প্রতিভাবান তরুণদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

