AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৭ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এই ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, শেরপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে প্রত্যেক দলের জন্য নির্ধারিত আসন থাকলেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সব চেয়ার দখল করে রাখেন এবং বিএনপির নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে বাধা দেন। প্রশাসনের একাধিক অনুরোধ সত্ত্বেও চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানানো হয়। এমন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে সহিংসতা ও সংঘর্ষের সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, সংঘাতটি এড়ানো সম্ভব ছিল কি না, নির্ধারিত সময়ের আগে কেন একটি দল পুরো আসন দখল করে রাখল, কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করা হলো এবং কেন সব পক্ষের অনুরোধ উপেক্ষা করে সংঘাতের পথে যাওয়া হলো—এসব প্রশ্নের উত্তর খুঁজতে সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংশ্লিষ্ট প্রার্থীকে পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এমনকি বিএনপির নেতাকর্মীরাও অনুরোধ করেছিলেন একটি নির্দিষ্ট পথে না যেতে। এরপরও তিনি সেই পথেই যাওয়ার সিদ্ধান্ত নেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মাহদী আমিন বলেন, নিহত ব্যক্তি যে দলেরই হোন না কেন, এ ধরনের প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। একই ঘটনায় বিএনপির ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা তৈরি না হয়, সেটিই দলের অগ্রাধিকার।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি সব পক্ষকে কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

শেরপুরের ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের অন্য কোথাও না ঘটে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানায় বিএনপি। মাহদী আমিন বলেন, গণমানুষ প্রত্যাশা করে সব রাজনৈতিক দল দায়িত্বশীল ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখবে।

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবুও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!