দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আন্তরিকতা সবার মধ্যে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আলোচনায় অংশ নিয়ে জাইমা রহমান বলেন, এখানে উপস্থিত সবাই একরকম নই—আমাদের মতাদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। তবু আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি, একে অপরের কথা শুনছি। কারণ আমরা সবাই দেশের ভবিষ্যৎ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবছি। এই ভিন্নতা নিয়েই একত্রে কথা বলা এবং মতবিনিময় করাই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে এটিই তার প্রথম বক্তব্য, যা তার জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা। তিনি দাবি করেন, নিজের কাছে সব সমস্যার সমাধান রয়েছে—এমনটি তিনি মনে করেন না। তবে বিশ্বাস করেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের জন্য কিছু করার সদিচ্ছা রাখলে পরিবর্তন সম্ভব।
জাইমা রহমান আরও বলেন, আজ তিনি এখানে এসেছেন শেখার উদ্দেশ্যে, অন্যদের কথা শোনার জন্য এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে।
নারীদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে পিছনে রেখে কোনো দেশ দীর্ঘমেয়াদে অগ্রসর হতে পারে না।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হলো অর্থায়নে প্রবেশাধিকার। বিশেষ করে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ঋণ পেতে নানা সমস্যার মুখে পড়েন। ভবিষ্যৎ সরকারগুলোকে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর নারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ বলেন, নারীদের কেবল জনসংখ্যার অংশ হিসেবে না দেখে মানবসম্পদ হিসেবে মূল্যায়ন করতে হবে। তাদের মধ্যে যে সুপ্ত সক্ষমতা রয়েছে, তা কাজে লাগাতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

