বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্বঘোষিত এই শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।
দুপুরের পর থেকেই শোকসভাস্থলে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলটির জ্যেষ্ঠ নেতারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও শোকসভায় অংশ নেন। আমন্ত্রণপত্র ছাড়া কাউকে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শোকসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

