বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলা পরিদর্শনে যাচ্ছেন। সফরকালে তিনি টাঙ্গাইল থেকে শুরু করে রংপুর বিভাগসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
বুধবার (৭ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সফরসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সফরকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় আবেদন জমা দিয়েছে বিএনপি।
দলীয় কর্মসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় নির্ধারিত কর্মসূচি শেষ করে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এরপর তিনি বগুড়ায় অবস্থান করবেন।
১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সভা ও মতবিনিময়ে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করার কর্মসূচিও রয়েছে।
১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি তিনি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। পরে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।
সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে নিহতদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

