জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাসনিম জারা দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাসনিম জারা নিজেও পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি প্রকাশ করেন।
শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন নাগরিক হিসেবে এলাকার মানুষের সেবাই তার মূল লক্ষ্য। তিনি লেখেন, রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাসনিম জারা আরও উল্লেখ করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি করেছিলেন, সেটি বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে লক্ষ্যেই ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার পক্ষে কোনো সংগঠিত কর্মীবাহিনী বা দলীয় কার্যালয়ের সুবিধা থাকবে না। ফলে এলাকার মানুষের সমর্থন ও অংশগ্রহণই হবে তার প্রধান শক্তি। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতির পক্ষে ভোটারদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে ঢাকা-৯ আসনে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন বলে জানান তাসনিম জারা। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, এর আগে যারা নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কেউ চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই অর্থ ফেরত নিতে পারবেন। লেনদেন যাচাই শেষে অনুদান ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

