দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে রাজকীয় গণসংবর্ধনায় যোগ দিয়ে শান্তির বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি বলেন, "আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যা একজন মা স্বপ্ন দেখেন। আমরা একটি নিরাপদ দেশ গড়তে চাই, যেখানে মানুষ নির্ভয়ে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে। আমরা দেশে স্থায়ী শান্তি চাই।"
এর আগে দুপুর থেকে বিমানবন্দর এলাকার নজিরবিহীন জনস্রোত পাড়ি দিয়ে বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে কুড়িল-বিশ্বরোড থেকে ৩০০ ফিট এলাকা তখন জনসমুদ্রে পরিণত হয়েছিল। মঞ্চে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা এবং মানুষের জানমালের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি একটি বৈষম্যহীন এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন, যেখানে তিনি তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। দীর্ঘ ১৭ বছর পর মা ও ছেলের এই পুনর্মিলনীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

