বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরবেন। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি।
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।
উল্লেখ্য, দীর্ঘ সময় পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন। তবে এখনো ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। নির্বাচন তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

