রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দিন দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে চিড়িয়াখানার ‘এল-০৭’ নম্বর খাঁচার সামনে উৎসুক মানুষের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। ঈদের কারণে চিড়িয়াখানায় দর্শনার্থী তুলনামূলক কম থাকলেও অনেকেই বিশেষভাবে ওই মহিষটিকে দেখতে সেখানে আসেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাঁচার সামনে “সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)” পরিচিতি ফলক টানিয়েছে। সেখানে প্রাণীটিকে ইংরেজিতে “Albino Buffalo” হিসেবেও উল্লেখ করা হয়েছে।

দর্শনার্থী আজমিরা আক্তার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদে মহিষটির কথা শুনে তারা সেটি দেখতে এসেছেন। তার ভাষায়, “বাস্তবে দেখেও আলাদা মনে হচ্ছে, কিছুটা ট্রাম্পের মতোই লাগে।”
মিরপুরের বাসিন্দা মেহেদী হাসানও পরিবার নিয়ে মহিষটি দেখতে আসেন। তিনি বলেন, “চিড়িয়াখানায় ঢোকার পর অন্যদের জিজ্ঞেস করে খাঁচাটা খুঁজে বের করেছি। মহিষটির চুলের স্টাইল সত্যিই আলাদা।”
খাঁচার সামনে বাড়তি ভিড় থাকায় সেখানে ট্যুরিস্ট পুলিশও দায়িত্ব পালন করছে। ঢাকা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়। নতুন প্রাণী হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ বেশি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গাড়ি থেকে নামানোর সময় মহিষটির শরীরে সামান্য আঁচড় লাগে। পরে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে।
অ্যালবিনো জাতের এই মহিষটির সাদা গায়ের রং, গোলাপি আভাযুক্ত ঢেউখেলানো চুল এবং চোখের গঠন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নারায়ণগঞ্জের একটি খামারে লালিত মহিষটির নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে রাখা হয়েছিল।
মহিষটি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এটি ব্যাপক পরিচিতি পায়। পরে কোরবানির ঈদ সামনে রেখে মহিষটি বিক্রি করা হলেও শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

