আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের যাতায়াত এবং কোরবানির পশু পরিবহনের চাপের মধ্যেও সার্বিক পরিবহন পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও সরকার একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে পেরেছে।
বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। একইসঙ্গে প্রায় ৮০ লাখ কোরবানির পশু দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। এত চাপের পরও নির্ধারিত ভাড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানবাহনের ধীরগতি দেখা গেলেও সেটিকে স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, একাধিক লেনের যানবাহন সীমিত লেনে প্রবেশ করায় সেখানে সাময়িক চাপ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে পরিবহন পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ পরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে। অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিবহন খাতের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি বাস কাউন্টার বা স্ট্যান্ডের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে বলে জানান তিনি।
রেলপথে নারী যাত্রীদের সুবিধার্থে বিশেষ কোচ সংযোজনের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটের তিনটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। তবে পর্যাপ্ত কোচ সংকট এবং আগাম টিকিট বিক্রির কারণে সব ট্রেনে এ সুবিধা চালু করা সম্ভব হয়নি। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো নিয়ে প্রশ্ন করা হলে শেখ রবিউল আলম বলেন, সেখানে পশুর হাট বসানোর কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয়ের ছিল না। এ বিষয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

