হযরত শাহজালাল (র.)-এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং ১০টা ৫০ মিনিটে বের হয়ে আসেন।
এরপর তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সুরমা নদীর পাড়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এক সমাবেশে অংশ নেন।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। সফরকে ঘিরে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বৃষ্টির মধ্যেও সকাল ১০টায় বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট, যেখানে তাকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রীর আরও কর্মসূচির মধ্যে রয়েছে—বাসিয়া নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন, শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশগ্রহণ পরে সন্ধ্যায় সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সিলেট সফরটি রাজনৈতিক ও উন্নয়ন—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জলাবদ্ধতা ও নদী পুনঃখনন প্রকল্প স্থানীয় অবকাঠামো উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে জনসংযোগমূলক কর্মসূচি রাজনৈতিক উপস্থিতিও শক্তিশালী করছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

