ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এই তফসিল ঘোষণা করা হয়।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। এছাড়া ২৬ এপ্রিল আপিল আবেদন গ্রহণ এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।
এদিকে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংরক্ষিত আসন বণ্টনের হিসাব অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পেতে পারে বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট সম্পন্ন হয়। শেরপুর-৩ আসনে প্রার্থী মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকে। বগুড়া-৬ আসনে উপনির্বাচনের পাশাপাশি চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল এখনো প্রকাশ হয়নি।
বর্তমান সংসদীয় অবস্থানে বিএনপির ২০৮, এনসিপির ৬, জামায়াতের ৬৮, বাংলাদেশ খেলাফত মজলিসের ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিসের ১টি করে আসন রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।
আইন অনুযায়ী, প্রতিটি দলের প্রাপ্ত আসন সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণ করা হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

