বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চলতি মাসের শেষ দিকে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আসন্ন চীন সফরসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তাকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং চীন-বাংলাদেশ ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’ আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে ওয়াং ই বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
এদিকে, চলতি মাসের ৩ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের ১৪তম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের মন্ত্রী পদে পদোন্নতির কারণে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সূত্রগুলো আরও জানায়, পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের আগে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

