AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে, বললেন সড়কমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৯ পিএম, ২৯ মার্চ, ২০২৬

এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে, বললেন সড়কমন্ত্রী

সাম্প্রতিক ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৯ মার্চ) ঈদ-পরবর্তী মূল্যায়ন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছেড়ে গেলেও বড় ধরনের যানজট বা স্থবিরতা তৈরি হয়নি। অধিকাংশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে দাবি করেন তিনি। তবে কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনার জন্য অনুষ্ঠিত সভায় পুলিশ, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেন। আগামী ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন সুপারিশও গ্রহণ করা হয়েছে।

সভায় মহাসড়কে অস্থায়ী বাজার বসানো বন্ধ, পণ্যবাহী যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে গাজীপুর-চন্দ্রা ও সফিপুর এলাকায় যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী।

এছাড়া মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার বসানো যাবে না এবং নির্ধারিত টার্মিনাল থেকেই টিকিট বিক্রির নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেরিঘাটে নিরাপত্তা জোরদারে যাত্রী নামানোর পর যানবাহন ওঠানো বাধ্যতামূলক করার কথাও জানান তিনি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মন্ত্রী বলেন, সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং চালু করা হবে। এর মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, রুট ভঙ্গ, অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করা সহজ হবে। ওভারস্পিড বা নির্ধারিত রুটের বাইরে চলাচল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এ ডিজিটাল নজরদারি ব্যবস্থা পরিচালনা করবে। পাশাপাশি সিসিটিভি ও স্পিড ক্যামেরার ব্যবহারও বাড়ানো হবে।

মন্ত্রী দাবি করেন, সার্বিক তদারকি ও সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে সফল হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, পরিবহন খাতের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!