সচিবালয়ে নিজ দপ্তরে না গিয়ে আকস্মিকভাবে একাধিক মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছু পর তিনি সচিবালয়ে পৌঁছে গাড়ি থেকে নেমে হেঁটে ৬ নম্বর ভবনে যান। সেখানে প্রথমে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরে একই ভবনের বিভিন্ন তলায় গিয়ে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন।
এরপর ৫ নম্বর ভবনে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।
এদিকে, এদিন তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কৃষক কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় স্থানীয় সরকার, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং কর্মকর্তারা অংশ নেবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

