ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে। বিশেষ অতিথি হিসেবে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ দেশ ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়, যা ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বক্তব্য দেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
দর্শক গ্যালারিতে নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বও দেখা গেছে। সকাল থেকেই তারা সংসদ ভবনে প্রবেশ করতে দেখা গেছে।
উল্লেখযোগ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশজুড়ে গণ-অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট শপথ গ্রহণ করে। প্রায় দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি রাতেই নির্বাচনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন, এবং ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ নেন। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক আহ্বান করতে হয়, যার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো প্রথম অধিবেশন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

