মধ্যপ্রাচ্যে ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার বিকেলে দুই নেতার মধ্যে টেলিফোনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। এ সময় ইউএই প্রেসিডেন্ট ফোন করে উদ্বেগ জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি দেশটির সরকারের সহায়তা ও যত্নের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ইউএই’র আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
ফোনালাপের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। তারা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়া বিদ্যমান সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ পথ খোঁজার গুরুত্বও তুলে ধরেন দুই নেতা।
সূত্র: বাসস।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

