ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে ঈদযাত্রা ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঈদের সময় ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে একটি টাকাও অতিরিক্ত নিলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমন অভিযোগ পাওয়া মাত্রই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে আমাদের জানাবেন। যেকোনো মূল্যে এই অনিয়ম নিয়ন্ত্রণ করা হবে।”
সভায় উপস্থিত পরিবহন মালিকদের উদ্ধৃত করে মন্ত্রী জানান, তারা কেউ অতিরিক্ত ভাড়া আদায় করবেন না—এমন আশ্বাস দিয়েছেন।
এসি বাসের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ নিয়ে প্রশ্ন করা হলে শেখ রবিউল আলম বলেন, কোনো বাসেরই ইচ্ছামতো ভাড়া নির্ধারণের সুযোগ নেই। অনুমোদিত ভাড়ার বাইরে আদায় সম্পূর্ণ বেআইনি। যাত্রীরা চাইলে ভাড়ার অনুমোদন সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় কী ধরনের শাস্তি দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এটি কেবল ঘোষণা নয়, বাস্তবায়ন হবে। জনগণ এর ফল দেখতে পাবে।”
তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে। পাশাপাশি এ ক্ষেত্রে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হলে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে।
সরকারের লক্ষ্য ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত রাখা—এ কথা উল্লেখ করে মন্ত্রী সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

