মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতির জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু বৃহস্পতিবারই বাতিল হয়েছে ৩৪টি ফ্লাইট।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, যুদ্ধপরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ বন্ধ থাকায় ফ্লাইট বাতিলের এই পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয়েছে ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ বাতিল হয়েছে আরও ৩৪টি ফ্লাইট।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।
এদিকে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ৫ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট বাতিল রাখা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

